ঈদে মাত্র তিন হলে মুক্তি পেল ‘বড্ড ভালোবাসি’

বিদ্রোহী, গলুই, শান ছাড়াও এবারের ঈদে মুক্তি পেয়েছে ‘বড্ড ভালোবাসি’ নামে আরও এক ছবি। ঈদের অবহেলিত এই ছবিটি মাত্র তিনটি হলে মুক্তি পেয়েছে। ছবির প্রযোজক ও নায়িকা সুলতানা রোজ নিপা জানান, যমুনা ব্লকবাস্টার, নওগাঁর সেভেনস্টার এবং মুন্সিগঞ্জের স্বপ্নপূরী এই তিনটি হলে চলবে ‘বড্ড ভালোবাসি’।

নিপা গণমাধ্যমকে বলেন, আমার স্বপ্নটা পূরণ হচ্ছে। ছবি মুক্তি দিতে মিডিয়া হাউজ ছাড়া কাউকে সেভাবে পাশে পাইনি। যারা ছবি চালাবেন বলে কথা দিয়েছিলেন কেউ কথা রাখেনি। সেজন্য একটা হলও পাওয়ার কথা না! কারণ ফিল্ম ব্যাক গ্রাউন্ডের কিছু মানুষ আমাকে চ্যালেঞ্জ করে বলেছিল, তুই একটা হলও পাবি না! তাদের সেই চ্যালেঞ্জ একসেপ্ট করে দেখিয়ে দিতে ৩ হলে মুক্তি দিচ্ছি।

নিপা আরও বলেন, নিজের চেষ্টা ছিল বলে শেষ পর্যন্ত মুক্তি দিতে পারছি। কস্টিউম থেকে ছবির এডিটিং ও পোস্টার পর্যন্ত নিজে বসে থেকে বানিয়েছি। শেষ পর্যন্ত নায়িকা হয়ে জেদ পূরণ করেছি। মানুষ যদি হলে গিয়ে ছবিটি দেখে তবে আমি খুশি হবো। প্রথম ছবি মুক্তি দিয়ে অনেককিছু বুঝলাম। এই অভিজ্ঞতা আগামীতে ভালোভাবে কাজে লাগবে।