কুষ্টিয়ার খোকসায় সিএনজি চালিত অটো ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে সিএনজির যাত্রী আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মে) কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া মির্জাপুুর নামক স্থানে পিকআপ ভ্যান ও সিএনজির মধ্যে সংঘর্ষে দুজনের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
নিহতরা হলেন পাংশা উপজেলার কলিমহর গ্রামের রেজাউল ইসলামের ছেলে ফিরোজ (২৮) ও সামিউল (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাইকপাড়া-মির্জাপুর নামক স্থানে পিকআপ ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীবাহী সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজির যাত্রী সহোদর ফিরোজ ও সামিউলের ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ। দুই সহোদরকে নিয়ে সিএনজি পাংশা অভিমুখে যাচ্ছিল।
কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই মতিউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পিকআপের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ। তবে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে পুলিশ। পিকআপের চালক ও সহকারীকে আটক করতে পুলিশী অভিযান চলছে।