কারাদণ্ডের বিরুদ্ধে সু চির আপিল খারিজ

দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডের বিরুদ্ধে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির করা আপিল খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

আপিল প্রক্রিয়া সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, গত বুধবার আপিলটি করার সঙ্গে সঙ্গেই আদালত তা খারিজ করেছে। দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি ছাড়াই আপিলটি খারিজ করা হয় বলে জানিয়েছে রয়টার্স।

১১টি দুর্নীতি মামলার মধ্যে প্রথম মামলার রায়ে গত সপ্তাহে সু চি দোষী সাব্যস্ত হন। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় সু চির বেসামরিক সরকার। সু চিকে গৃহবন্দি করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে দেশদ্রোহ পর্যন্ত নানা অভিযোগ এনেছে মিয়ানমারের জান্তা সরকার। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার ১৯০ বছরের সাজা হতে পারে বলে দেশটির আইনজীবীরা জানিয়েছেন।