শর্টফিল্মে অভিনয়ের প্রলোভন দেখিয়ে তরুণকে বলাৎকার, কারাগারে অভিযুক্ত

লক্ষ্মীপুরে এক তরুণকে বলাৎকারের অভিযোগে সামাজিক সংগঠন সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ইসমাইল হোসেন বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, একই দিন লক্ষ্মীপুর পৌর শহরের সোনালি কলোনির একটি বাসা থেকে বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ইসমাইল হোসেন বাবু লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ চর মার্টিন গ্রামের মৃত আবু সাঈদের ছেলে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, শর্টফিল্মে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছিলেন সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু ও তার সহযোগীরা। সর্বশেষ গত বুধবার লক্ষ্মীপুর পৌর শহরের সোনালি কলোনির একটি ভাড়া বাসায় আবারও ওই তরুণকে বলাৎকার করা হয়।

পরে ভিকটিমের পরিবার বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে বলাৎকারের প্রাথমিক আলামত জব্দ করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসমাইল হোসেন বাবু নামে একজনকে বলাৎকারের মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।