কুমিল্লায় পারিবারিক বিরোধের জেরে ঈদের জামাতে প্রতিপক্ষের গুলিতে একজন আহত হয়েছেন। পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় গত মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঈদের জামাতে গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, পারিবারিক শত্রুতার জেরে গোলাবাড়ির রুবেল ভূঁইয়া স্থানীয় ঈদগা মাঠে এলাকার মোস্তাক আহমেদকে (৪৮) গুলি করেন। এ সময় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তার ডান হাঁটুতে গুলি লাগে। তিনি গোলাবাড়ি গ্রামের সামছুল হকের ছেলে। রুবেল ও মোস্তাক একই বাড়িতে থাকেন এবং সম্পর্কে আত্মীয় বলে জানিয়েছেন ঈদের নামাজ পড়তে আসা স্থানীয়রা।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আমরা অভিযান পরিচালনা করছি। জড়িতদের দ্রুত আটক করা হবে।