নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের ধাওয়ায় নিখোঁজের ৪ দিন পর মো. বাবু (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকেলে নবীগঞ্জ বাগবাড়ি এলাকার ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত পুলিশের এসআই মো. রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। নিহত বাবু বাগবাড়ি এলাকার মো. শোভা মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযোগকারী হাসিনাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত বাবুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি এলাকায় পূর্ব বিরোধের জের ধরে বাবুর বিরুদ্ধে একই এলাকার হাসিনা বেগম নামের এক নারী স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ দেন। পরে ওই নারী থানায়ও লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রবিবার রাত ৯টার দিকে বাবুকে ধরতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় বাবু পুলিশ দেখে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেয়। এর পর থেকে নিখোঁজ ছিল সে।