বিদ্যুৎস্পৃষ্টে কৃষক ও তরুণের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে সিরাজগঞ্জে এক কৃষক এবং পটুয়াখালীর দুমকিতে এক তরুণের মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঘটনা দুটি ঘটে।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের লাহোর গ্রামে বুধবার দুপুরে বৈদ্যুতিক মেশিনে ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান কৃষক রশিদুল ইসলাম শেখ (৬৫)। তিনি ওই গ্রামের মৃত ঝড়– শেখের ছেলে।

রায়গঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, মেশিনের মোটরের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক রশিদুল। তাকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বুধবার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান বায়েজিদ নামে এক তরুণ। বায়েজিদ ওই গ্রামের গাজী বাড়ির মনির গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক তারের সঙ্গে পাম্প মেশিন লাগিয়ে পুকুর সেচ দেওয়ার সময় বায়েজিদ অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’