সদ্য ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব পেয়েছেন বেন স্টোকস। জো রুটের স্থলাভিষিক্ত হয়েছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। স্টোকসের অধিনায়কত্বে সাদা পোশাকের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর আশায় ইংলিশরা।
এবার নিজেও তিনি ব্যাট হাতে জানান দিলেন, পুরোনো ফর্মে ফেরার। কাউন্টি ক্রিকেটে ফিরেই করলেন বিধ্বংসী সেঞ্চুরি। ৬৪ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।
দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকত হয়েছে স্টোকসকে। সেরে না ওঠায় ক্রিকেটে ফিরতে পারছিলেন না। যার ফলে চলতি আইপিএলেও খেলা হচ্ছে না তার। তবে কাউন্টি ক্রিকেটে যখন ফিরলেন, দেখালেন তার বিধ্বংসী মেজাজ। লাল বলের ক্রিকেট খেললেন টি-টোয়েন্টি মেজাজে।
ওরচেস্টাশায়ারের বিরুদ্ধে ডারহামের হয়ে চলতি মৌসুমে প্রথমবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে নামেন স্টোকস। ৬ নম্বরে ব্যাটিংয়ে শুরুতে ধীরে-সুস্থে এগিয়ে ৪৭ বলে ফিফটি করেন তিনি। এরপর মাত্র ১৭ বল খেলেই সেঞ্চুরি করেন স্টোকস।
বাঁহাতি অফ স্পিনার জশ বেকারের এক ওভারেই ৩৪ রান করেন তিনি। যেখানে টানা পাঁচ ছয়ের পর শেষ বলে মারেন চার। শেষ বলে একটুর জন্য ছক্কা মারতে পারেননি স্টোকস। তবে এই চারের পর জাতীয় দলের সতীর্থ স্পিনার জ্যাক লিচকে পরপর দুটি ছয় হাঁকান স্টোকস। মাত্র আট বলে করে ফেলেন ৪৬ রান!
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার দিনের ম্যাচটির দ্বিতীয় দিনে স্টোকসের সেঞ্চুরিতে ১২৩ ওভারে ৪ উইকেটে ৫৪৯ রান করেছে ডারহাম। ৮২ বলে ৮ চার ও ১৫ ছয়ে ১৪৭ রানে ব্যাট করছেন স্টোকস। তাকে সঙ্গ দিচ্ছেন ১১৯ রানে অপরাজিত থাকা ডেভিড বেডিংহাম।