ঝিনাইদহ মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে জুলেখা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতের স্বামী বাবলু হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবলু হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ওই উপজেলার সেজিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জুলেখা খাতুন উপজেলার সামান্তা গ্রামের আবুল কালামের মেয়ে। গ্রেপ্তার বাবলু একই উপজেলার নিজামুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী জুলেখা খাতুনকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি মো. সেলিম মিয়া জানান, খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত স্বামী বাবলু হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।