মা-ছেলেকে ট্রাকচাপা

কুষ্টিয়ার কবুরহাট এলাকা থেকে মোটরসাইকেলে মা অঞ্জনা খাতুনকে (৪০) নিয়ে শহরে যাচ্ছিলেন ছেলে ইমতিয়াজ (১৯)। পথে বটতৈল বাইপাস মোড়ে পৌঁছালে একটি ট্রাক মা-ছেলেকে চাপা দিলে প্রাণ হারান তারা। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি ঝিনাইদহ থেকে পাবনা যাচ্ছিল। 

ইমতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজের ২য় সেমিস্টারের শিক্ষার্থী। অঞ্জনা খাতুন সদর উপজেলার কবুরহাট গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের স্ত্রী।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক ইদ্রিস আলী (ওসি) জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি ট্রাক বটতৈল বাইপাস মোড়ে পৌঁছালে মা-ছেলের মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে সড়কদ্বীপে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ছেলে ইমতিয়াজের মৃত্যু হয়। মা অঞ্জনা খাতুনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে গতকাল দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ৯জন নিহত হয়েছে। এরমধ্যে পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণ শেষে মোটরসাইকেলে ফেরার পথে দুই বন্ধু নিহত হয়েছে। নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইযাত্রী নিহত হয়। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা ও শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন প্রাণ হারিয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পার্বতীপুরে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে

কুয়াকাটা ভ্রমণশেষে প্রাণ গেল দুই বন্ধুর : ঈদ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণশেষে মোটরসাইকেলে মেহেরপুর ফিরছিলেন দুই বন্ধু আশিক মিয়া (২৫) ও শাহাদাৎ হোসেন (২৮)। পথে মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে তাদের মৃত্যু হয়। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া মেহেরপুর জেলার নিরবউদ্দিনের ছেলে ও শাহাদাৎ হোসেন একই এলাকার আরিফ হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্ধু শাহাদাৎকে সাথে নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণশেষে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি মেহেরপুরে ফিরছিলেন আশিক। শুক্রবার সকালে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আশিক। গুরুতর আহত অবস্থা শাহাদাৎকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যায় সে।

নোয়াখালীতে অটোরিকশার ২ যাত্রী নিহত : নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চার যাত্রী। গত বৃহস্পতিবার বিকেলে সোনাপুর-চরজব্বার সড়কের ফিরিঙ্গিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সবুজ হোসেন (৪৫) ও তোতার বাজার এলাকার জোবায়েদা আক্তার (৫০)। আহতরা হলেন, সুমনা আক্তার সুবর্ণা (১৮), মনছুরা (৩৫),  ইউসুফ (৪৫) ও আবদুল্লাহকে (৪০)।

পুলিশ জানিয়েছে, সুবর্ণচর উপজেলার বাসিন্দা সবুজ হোসেনের মেয়ের বিয়ে ছিল শনিবার (আজ)। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে মেয়ের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন। এসময় তাদের বহনকারী সিএনজিটি সুবর্ণচর ও সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ফিরিঙ্গিবাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজিযাত্রী সবুজ নিহত হন। আহত অবস্থায় জোবায়দাসহ অপর যাত্রীদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোবায়দাকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ দুজন নিহত : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা ও শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। এরমধ্যে সকাল ১০টার দিকে আমনুরা বালিকাপাড়া মোড়ে রাজশাহীর তাহেরপুর দাশুপাড়া গ্রামের রায়হানের পাঁচ বছরের শিশুকন্যা সমিয়া খাতুন সিফা রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায়, অটোরিকশাচালক আমনুরা পওয়েল গ্রামের আলামিনকে আটক করা হয়েছে। 

এদিকে, শিবগঞ্জ উপজেলার তেলকুপি সড়কে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিবগঞ্জের রাধানগর বাবলাবোনার আব্দুর রশিদ (৫৮) মারা যান। রশিদ চার্জার ভ্যানে করে খাসেরহাট যাচ্ছিলেন।

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ : জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মাহবুবুল আলম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার দুপুরে পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুবুল আলম পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর মালিদহ সেকেন্দার আলীর ছেলে। আহতরা হলেন পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামের মহন হোসেন (২০), নিলতপাড়া গ্রামের গোলজার হোসেন (৩০) মৃধনপাড়া গ্রামের এফাজ উদ্দিনের ছেলে জয়নাল হোসেন (৬০)।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, একটি ট্রাক হিলি থেকে জয়পুরহাট যাচ্ছিল। এসময় শিমুলতলী এলাকায় ট্রাকটির সঙ্গে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে মোটরসাইকেল আরোহী মারা যান।

ময়মনসিংহে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে আহত ২০ : ময়মনসিংহের ফুলপুরের ইমাদপুরে চার বাস ও এক প্রাইভেটকারের সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছ। আহতদের মধ্যে ১০ জনকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বেলা ১১টার দিকে ফুলপুর  ইমাদপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা বাস ও শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসের মধ্যে সংঘর্ষ। এসময় পেছনে থাকা আরও দুটি বাস এবং একটি প্রাইভেটকার ওই দুই বাসকে ধাক্কা দেয়। এতে অন্তত ২০ জন আহত হয়।

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ : দিনাজপুরের পার্বতীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নুরু ইসলাম (৬২) ও মোটরসাইকেল চালক সাকিব সানি (১৮) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাকেরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরু ইসলাম পার্বতীপুর উপজেলার জাকেরগঞ্জ গ্রামের মনির উদ্দিনের ছেলে এবং সাকিব সানি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ী মহল্লার নাছিম উদ্দিনের ছেলে।

পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।