নোয়াখালীতে সেতু ভেঙে পড়ল খালে

নোয়াখালীর মাইজদী-হাসানহাট সড়কের বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসানহাট বাজার এলাকায় মাল বোঝাই একটি পিকআপ ভ্যান সেতুর ওপর ওঠার পর সেতুটি ভেঙে খালে পড়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানচালক ও তার সহকারী আহত হয়েছেন।

গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সেতু ভেঙে পড়ায় জেলা শহর মাইজদীর সঙ্গে বেগমগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, খাল খননের কারণে সেতুর নিচ থেকে মাটি সরে গেছে। এ কারণে দুই দিন আগে সেতুর মাঝখানের পিলার ভেঙে গেছে এবং এ দুর্ঘটনা ঘটেছে। বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘ইতিমধ্যে আমরা নতুন করে ব্রিজ চেয়েছি। ঢাকায় তালিকাও পাঠানো হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে আপাতত পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে ডাইভারশনের ব্যবস্থা করা হচ্ছে।’