সুন্দরবনের করমজলে একটি বাটাগুরবাস্কা কচ্ছপের ৩৪টি ডিমের মধ্যে ৩৩টি থেকে বাচ্চা ফুটেছে। স্যান্ডবিচ (বালুর চর) থেকে বাচ্চাগুলো তুলে রাখা হয়েছে সংরক্ষণ প্যানে (ছোট পুকুর আকৃতি)।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, প্রজনন কেন্দ্রের পুকুরপাড়ের স্যান্ডবিচে একটি বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপ গত ৬ মার্চ ৩৪টি ডিম দেয়। গতকাল শনিবার ভোর থেকে ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে শুরু করে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত একে একে ৩৩টি বাচ্চা ফুটে বের হয়। একটি ডিম নষ্ট হয়ে গেছে। পরে স্যান্ডবিচ থেকে বাচ্চাগুলোকে তুলে ওই কেন্দ্রের প্যানে রাখা হয়েছে। প্যানে রেখে লালন-পালনের পর সেগুলো ছেড়ে দেওয়া হবে কেন্দ্রের বড় পুকুরে।
২০১৪ সালে সুন্দরবনের করমজলে বিলুপ্তপ্রায় বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপের সংরক্ষণ ও বংশ বিস্তারে এ প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়।