মানিকগঞ্জ সদর উপজেলায় ভাটভাউর এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহন ও গোন্ডেল লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে দুই বাসের অন্তত ২২ যাত্রী আহত হয়েছেন।
রবিবার দুপুরে পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটভাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুপুর পৌনে ২টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেননি।
জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী একেএম রাসেল জানান, দুর্ঘটনায় আহত ২২ জনের মধ্যে ৮ জন ভর্তি রয়েছেন। গুরুতর আহত ৫ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে, অপর ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।