রেলমন্ত্রীর তিন আত্মীয় ট্রেনযাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করা এর পরবর্তী কর্মকাণ্ডের জন্য সাংবাদিকদের দুষছেন রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তার মনির স্বজনরা।
ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগকারী মনির ভাগনে ইমরুল কায়েস প্রান্ত রবিবার এই ঘটনা তদন্তে গঠিত কমিটির সামনে সাক্ষ্য দিতে গিয়ে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়েন।
তিনি বলেন, গত কয়েক দিন ধরে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নে তিনি ও তার পরিবার ‘বিরক্ত ও বিব্রত’। আমরা সামগ্রিক বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছিলাম, অথচ সাংবাদিকরা সামান্য একটি বিষয়কে অহেতুক টানা-হেঁচড়া করেছেন।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এই এ বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করছেন, যেটা না করলেও পারতেন। আমি যা বলার, তদন্ত কমিটিকে বলেছি। আপনাদের সঙ্গে আমার কোনো কথা নেই।
পাবনার ঈশ্বরদীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ে তদন্ত কমিটির সামনে বক্তব্য দিতে এসেছিলেন প্রান্ত। টিটিই শফিকুলসহ প্রত্যক্ষদর্শী কয়েকজনও বক্তব্য দেন তদন্ত কমিটির কাছে।
আলোচিত এই ঘটনার পর প্রান্তর বাড়ি ঈশ্বরদী পৌরসভার নূর মহল্লায় সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহে গেলে তাদেরও গালাগালি করেন ওই বাড়ির লোকজন।
সংবাদকর্মী জিয়াউল হক রিপন বলেন, ওই মহল্লায় পৌঁছানোর পর পরই আমাদের দেখে তেড়ে আসে কয়েকজন যুবকসহ এক নারী। তাদের গালিগালাজের মুখে আমরা বাড়ির লোকজনের কথা না শুনেই ফিরে আসতে বাধ্য হই।
ঈশ্বরদীর ওই বাড়ি প্রান্তের নানা বাড়ি। তার বাবা প্রবাসে থাকেন। মা ইয়াসমিন আক্তার নিপা সন্তানসহ নূর মহল্লায় বাবার বাড়িতে থাকেন।
নিপার ফুপাত বোন হচ্ছেন শাম্মী আক্তার মনি, যার সঙ্গে গত বছর রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিয়ে হয়।
গত ৪ মে রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে ঈশ্বরদী থেকে বিনা টিকিটে এসি কেবিনে ভ্রমণ করছিলেন প্রান্ত এবং তার দুই মামা হাসান ও ওমর। হাসান ও ওমর প্রান্তের মা নিপার চাচাত ভাই। সেই সূত্রে তারাও রেলমন্ত্রীর স্ত্রী মনির আত্মীয়।
টিটিই শফিকুলের ভাষ্য, সেদিন তিনি টিকিট চাইলে প্রান্তরা নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। তখন পাকশী বিভাগীয় রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী তাদের জরিমানাসহ সুলভ শ্রেণির নন এসি কোচে সাধারণ আসনের টিকিট করে দেন।
তবে প্রান্ত টিটিই শফিকুলের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করার পর তাকে ফোন বরে তাৎক্ষণিক বরখাস্তের আদেশ দেন পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন।
বিনা টিকিটের যাত্রীদের ধরে টিটিই বরখাস্তের খবর ছড়িয়ে পড়লে রেলমন্ত্রী প্রথমে তার স্বজন থাকার কথা অস্বীকার করেন।
ব্যাপক আলোচনার মধ্যে রোববার ঢাকায় সংবাদ সম্মেলনে এসে তিনি স্বীকার করেন যে বিনা টিকিটে ভ্রমণকারী ওই তিনজন তার স্ত্রীর স্বজন, যা তিনি আগে জানতেন না।
টিটিই শফিকুলকে বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, পুরো ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
পাশাপাশি তড়িঘড়ি বরখাস্তের আদেশ দেওয়ায় রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (পাকশীর ডিসিও) নাসির উদ্দিনকে নোটিশ দিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
রেলের পাকশী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম বাবুর নেতৃত্বাধীন তদন্ত কমিটিকে পাঁচ দিন সময় দেওয়া হয়েছে।
সাজেদুল রবিবার সাংবাদিকদের বলেন, আমরা অভিযোগকারী এবং অভিযুক্তের বক্তব্য গ্রহণ করেছি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য জানারও চেষ্টা করা হচ্ছে। অসদাচরণের ঘটনা ঘটেছে কি না, সেটি নিশ্চিত হতে সকল বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।