শেষ হলো সাহিত্য একাডেমি আয়োজিত বৈশাখী উৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় শেষ হলো সাহিত্য একাডেমি আয়োজিত বৈশাখী উৎসব। তিন দিনের উৎসবে আলোচনা, আবৃত্তি, সংগীত, নৃত্যসহ ছিল লোকজ সংস্কৃতির প্রচার ও প্রদর্শনী।

শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রতিদিনই ছিল দর্শনার্থীদের ভিড়।

রবিবার শেষ দিনের আয়োজন শুরু হয় বিকেল সাড়ে পাঁচটায়। নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশনের পর শুরু হয় আলোচনা। এদিন রবীন্দ্রনাথ জন্মজয়ন্তী উপলক্ষে একক বক্তৃতা করেন সাহিত্য একাডেমির সদস্য, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীর।

এ ছাড়া সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন, তিতাস ললিতকলা একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি ও লোক সংস্কৃতি পরিষদের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। দলীয় সংগীত পরিবেশন করেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠী ও জেলা খেলাঘর।