৪২ লাখ টাকা শুল্ক ফাঁকি ৮৮ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির মাধ্যমে ৪২ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে ঢাকার বংশালের আমদানিকারক প্রতিষ্ঠান এনবি ট্রেডিং হাউজ। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির মাধ্যমে শুল্ক ফাঁকির দায়ে প্রতিষ্ঠানটিকে ৮৮ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম কাস্টমস। এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে শুল্ক কর ও জরিমানা বাবদ প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা আদায় করা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, ঢাকার বংশাল থানাধীন আমদানিকারক প্রতিষ্ঠান এনবি ট্রেডিং হাউজ চায়না থেকে ক্যালসিয়াম কার্বোনেট ঘোষণায় পাঁচ কন্টেইনার পণ্য আমদানি করেন। আমদানিকারকের নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট এম এন এন্টারপ্রাইজ গত ৩০ মার্চ পণ্য খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করে।

পণ্য চালানটিতে মিথ্যা ঘোষণার পণ্য থাকার প্রাথমিক ধারণা পেয়ে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা চালানটির খালাস স্থগিত করেন। কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মো. শরফুদ্দিন মিঞা জানান, গত ৬ এপ্রিল এআইআর টিম চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করে। এতে দেখা যায়, পণ্যের বস্তার বাইরে আমদানি ঘোষণা অনুযায়ী ক্যালসিয়াম কার্বোনেট লেখা থাকলেও ভেতরে পাওয়া গেছে ১২০ টন ডেক্সট্রোজ মনোহাইড্রেট। এ চালানে ঘোষিত বিবরণ অনুযায়ী শুল্ক কর ছিল ৬ লাখ ৮২ হাজার ৭৩৩ টাকা।

ওই চালানে ৪ হাজার ৮০০ বস্তা শতভাগ কায়িক পরীক্ষায় দেখা গেছে ব্রাউন কালারের বস্তাগুলোর ওপর আঠা দিয়ে লাগানো সাদা কাগজে প্রিন্ট করে কোটেড ক্যালসিয়াম কার্বোনেট লেখা রয়েছে। কিন্তু বস্তা খোলার পর সাদা পলিথিনের বস্তায় ঘোষিত পণ্যের পরিবর্তে ডেক্সট্রোজ মনোহাইড্রেট পাওয়া যায়। মোট ১২০ টন ডেক্সট্রোজ পাওয়া গেছে, যার আনুমানিক শুল্কায়নযোগ্য দাম ৫৪ লাখ ৭৭ হাজার টাকা। এ চালানে ৪২ লাখ ১৩ হাজার টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে। পরে মিথ্যা  ঘোষণায় পণ্য আমদানির অপরাধে আমদানিকারক প্রতিষ্ঠানকে ৮৮ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

কাস্টমস সূত্র জানায়, এ ঘটনায় কাস্টমস অ্যাক্ট অনুযায়ী আমদানিকারকের কাছ থেকে শুল্ককর ও জরিমানাসহ মোট ১ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৫৫৯ টাকা আদায় করা হয়েছে।