ম্যাথিউসের কাছে বাংলাদেশ সফর বড় চ্যালেঞ্জের

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রবিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে লঙ্কানরা।

বাংলাদেশ সফরের জন্য আগেই ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করে শ্রীলঙ্কা। তবে ঢাকায় পৌঁছেছে ১৬ সদস্যের দল। অধিনায়ক দিমুথ করুনারত্নে ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে থাকায় দলের সঙ্গে আসতে পারেননি। আশা করা হচ্ছে, সোমবার ঢাকায় পৌঁছাবেন তিনি।

অন্যদিকে আইপিএল খেলতে ভারতে আছেন অলরাউন্ডার চামিকা করুনারত্নে। তিনিও সিরিজের প্রথম টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সফরে আসা লঙ্কানদের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাবেক অধিনায়ক এই সফরকে হালকাভাবে নিচ্ছেন না। বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই অলরাউন্ডার।

ম্যাথিউস জানান, বাংলাদেশের বিপক্ষে সিরিজকে হালকাভাবে নিচ্ছি না। আসলে, এই সফর বড় চ্যালেঞ্জের। এই সফরের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে অনুশীলন হয়েছে। আমাদের দলের অধিকাংশ তরুণ খেলোয়াড়। সিনিয়র রয়েছে কয়েকজন। তবে তরুণদের থাকা কোনো অজুহাত নয়। এটা আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং আমরা ভালো করার দিকে তাকিয়ে আছি। খেলোয়াড়রা প্রতিশ্রুতিশীল এবং আমাদের টেস্ট সিরিজে সেরাটা দেওয়ায় আমাদের লক্ষ্য।

১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হবে সিরিজে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে, মিরপুর শেরে বাংলায় স্টেডিয়ামে।

চট্টগ্রামে ক্যারিয়ারের ৯৫তম টেস্ট খেলতে নামবেন ম্যাথিউস। ৯৪ টেস্টে ৪৪.০৫ গড়ে ১১ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে ৬৪৩২ রান করেছেন তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে ৩৪ বছর বয়সী অলরাউন্ডার বলেন, বাংলাদেশ শক্ত দল। সম্প্রতি ঘরে এবং বিদেশে তারা ভালো পারফর্ম করেছে। এই সিরিজেও তারা ঘরের মাটিতে খেলার সুযোগ পাবে। আমাদের সবকিছু বুঝতে হবে এবং তাদের হারাতে সেরাটা দেওয়ার জন্য পরিকল্পনা করতে হবে।