অন্তর্জালে শওকাতের ফিচারিংয়ে ঐশীর নতুন গান

বাংলা গানের অনলাইন ভুবনে নতুন ঝড় তুলে দিলেন তিনি। জনপ্রিয় গায়িকা ঐশীর কণ্ঠে ‘দেখোনা তুমি’ শিরোনামে নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে আবারও হাজির হলেন সঙ্গীতকার শওকাত। জেমসের ‘পাগলা হাওয়া’ এবং আইউব বাচ্চুর ‘এক আকাশ তারা’ গানের প্রতিভাধর সুরস্রষ্টা শওকাত মাত্র পাঁচ দিন আগে ঐশীর কণ্ঠে তার সৃষ্টি নতুন এ গানটি প্রকাশ করেন, তারই নিজস্ব ইউটিউব চ্যানেলে।

ইউটিউবে গানটির ভিউয়ার সংখ্যাও বাড়ছে হু হু গতিতে। দেশ-বিদেশে অগণিত শ্রোতার অভিনন্দন, লাইক, লাভ আর কমেন্টের বন্যায় সিক্ত হচ্ছেন শওকাত। ‘দেখোনা তুমি’ গানটির কথাগুলিও লিখেছেন শওকাত। এর সুর সংযোজন এবং মিউজিক আয়োজনও তারই হাতে রচিত। আর শাহরিয়ার পলকের পরিচালনায় প্রেক্ষাগৃহ নির্মিত মিউজিক ভিডিওতে অনবদ্য ভিএফএক্স উপস্থাপনের কৃতিত্বটুকু পাবেন জাকির জয়।

বিগত প্রায় দুই যুগকাল গানের ভুবনে বিচরণকালে প্রায় ৭০০ গানের সংগীত আয়োজন করেছেন শওকাত। প্রায় তিন শতাধিক গানের গীতিকারও তিনি। এ পর্যন্ত ৪৬টি অ্যালবাম উপহার দিয়েছেন বাংলার গানপাগল মানুষের জন্য। জেমস এবং আইউব বাচ্চু ছাড়াও তার সুর ও সংগীতে গান করেছেন শাফিন আহমেদ, মাকসুদ, রুনা লায়লা, আসিফ, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, কানিজ সুবর্ণা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, এসআই টুটুল, তিশমা, টিপু, নাসিম আলি খান, ন্যান্সি ও খ্যাতিমান আরও বহু শিল্পী।