বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের টয়লেটের কমোডের পাইপ ভেঙে উদ্ধার করা নবজাতকের পরিবারকে আর্থিক সহয়তা করেছে বরিশালের জেলা প্রশাসন।
এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় সোমবার বেলা ১১টায় সহকারী কমিশনার এনডিসি সুব্রত বিশ্বাস দাস নবজাতকের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, মহানগর প্রবেশন অফিসার শ্যামল সেনগুপ্ত, হাসপাতাল সমাজসেবা অফিসার মো. হুমায়ুন কবির।
এ বিষয়ে সোমবার দুপুরে হাসপাতালের নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিটের (স্ক্যানু) প্রধান ডা. এমআর তালুকদার মুজিব জানান, এটা একটা এক্সিডেন্টাল ডেলিভারি হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে প্রিসিভিটাস ডেলিভারি (হঠাৎ বা অপ্রত্যাশিতভাবে ডেলিভারি) বলে। যেভাবে ডেলিভারি হয়েছে তাতে খারাপ কিছু হওয়ার আশঙ্কা ছিল। নবজাতক শিশুটি এখন সুস্থ আছে। তার শরীরের রং ভালো, এক্টিভিটি ভালো, ফিডিংয়েও আগ্রহ আছে। স্ক্যানু ইউনিটে তাকে নজরদারিতে রাখা হয়েছে।
শনিবার বিকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
উদ্ধার হওয়া ওই শিশুর বাবা নেয়ামত উল্লাহ নিজেই টয়লেটের পাইপ ভেঙে শিশুকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া নবজাতককে হাসপতালের বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) ও তার মাকে প্রসূতি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গণমান শেখপাড়া বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা জেলে নেয়ামত উল্লাহর স্ত্রী শিল্পী বেগম সন্তানসম্ভবা ছিলেন। বাচ্চা প্রসব করাতে গিয়ে দেখা দেয় জটিলতা। পরে তাকে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে শনিবার পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা শিল্পী বেগমের সন্তান প্রসবের জন্য তার অস্ত্রোপচারের (সিজারিয়ান) করার সিদ্ধান্ত নেন।
শনিবার বিকেলে তার অস্ত্রাপচারের সময় নির্ধারণ ছিল। এ জন্য নেয়ামত উল্লাহ প্রয়োজনীয় ওষুধপত্র আনতে হাসপাতালের সামনে যান। এদিকে শিল্পী বেগম হাসপাতালের টয়লেটে গেলে সেখানে তার সন্তান প্রসব হয় এবং টয়লেটের কমোডের মধ্যে নবজাতক শিশুটি পড়ে আটকে যায়। পরে কমোডের পাইপ ভেঙে জীবিত অবস্থায় নবজাতক এই শিশুকে উদ্ধার করা হয়।