পিস্তল হাতে ফেইসবুকে ছবি সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পিস্তল হাতে ফেইসবুকে ছবি ভাইরাল হওয়া পাবনার সুজানগরের ছাত্রলীগ নেতা আবু বক্কার রাতুলকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার রাতে নগরীর সাগরপাড়া গ্রান্ড তোফা হল ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একই এলাকার একটি পরিত্যক্ত পুরনো বাড়ি থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। রাতুল পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। সম্প্রতি দুইটি কমিটি বিলুপ্ত করা হয়।

গতকাল সোমবার সকালে রাজশাহী র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গত বৃহস্পতিবার রাতুল অস্ত্র হাতে কয়েকটি ছবি ফেইসবুকে পোস্ট করে। তার ছবিগুলো ভাইরালও হয়। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নজরে এলে ছায়া তদন্ত করে র‌্যার। এরপর র‌্যাবের একটি টিম রাতুলকে ধরতে অভিযান পরিচালনা করে। তার অবস্থান শনাক্ত করে রাতুলকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর রাতুল জানিয়েছে, তাকে যেন লোকজন ভয় পায় এবং নিজেকে বড় ধরনের সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে এ জন্য অস্ত্র হাতে ছবি ফেইসবুকে দিয়েছে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে নানা সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করত বলে রাতুল স্বীকার করেছে।’

রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, সোমবার র‌্যাব রাতুলের নামে অস্ত্র আইনে মামলা করেছে। এই মামলায় রাতুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।