হাজির হাট থানা আ. লীগের সভাপতি আতাউর, সম্পাদক কামরুজ্জামান

আতাউর রহমানকে সভাপতি ও কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে রংপুর মহানগরীর হাজির হাট থানা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে হাজির হাট জাফরগঞ্জ মাদ্রাসা মাঠে আয়োজিত সম্মেলনে এই কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

সম্মেলনের উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি।

হাজির হাট থানা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নবীউলাহ পান্নার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট হোসেন আরা লুতফা ডালিয়া, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সফুরা খাতুন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। সম্মেলনে রংপুর জেলা ও মহানগর বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে আতাউর রহমান কে সভাপতি ও কামরুজ্জামান কে সাধারণ সম্পাদক ঘোষণা করে হাজির হাট থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, মহানগরের ৬টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর মেট্রোপলিটন হাজির হাট থানা। এর মাধ্যমে রংপুর মহানগর আওয়ামী লীগের প্রথম থানা কমিটি গঠন হলো।