দুমকিতে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ!

পটুয়াখালীর দুমকিতে তিন ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।

মঙ্গলবার (১০ মে) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুমকি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হোসনে আরার নেতৃত্বে মুরাদিয়ার বোর্ড অফিস বাজারে এ অভিযান চালানো হয়।

সয়াবিন তেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) হোসনে আরা জানান, উপজেলার মুরাদিয়ার বোর্ড অফিস বাজার এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ স্টোর্সের গোডাউন থেকে ২৫৯০ লিটার, শহিদ স্টোরের গোডাউন থেকে ৪৬০ লিটার ও রুহুল আমীন স্টোর্সের গোডাউন থেকে ৫৬ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

তিনি বলেন, এর মধ্যে ১০০ লিটার সয়াবিন তেল বোতলজাত এবং বাকিগুলো খোলা ব্যারেলে পাওয়া গেছে। তাৎক্ষণিক উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ১০০ লিটার বোতলজাত সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয় এবং বাকি তেল সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদারের জিম্মায় রাখা হয়।

তিনি জানান, খোলা বাজারে সয়াবিনের সংকট সৃষ্টি করে তেল মজুত রাখার অপরাধে ফিরোজ স্টোর্সের স্বত্বাধিকারী মো. ফিরোজ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।