মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান, পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, গুলি ও মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সেসময় ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

রবিবার (১৮ অক্টোবর) মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির একটি টহল দল সীমান্ত সংলগ্ন পাকরাইল এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করে। বিকাল সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সামন্তা বিওপির হাবিলদার এস এম মজনুর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৫৪/২-এস সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় শূন্য লাইন থেকে বাংলাদেশের  ১৫০ গজ ভেতরে পাকরাইল গ্রামের কবরস্থানের কাছে সন্দেহভাজন চোরাকারবারীকে ধাওয়া করে বিজিবি। ধাওয়া খেয়ে ব্যাগ ফেলে রেখে শূন্যরেখা পার হয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় ওই ব্যক্তি।

পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ উদ্ধার করে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, গুলি ও মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত