নবাবগঞ্জে সয়াবিন তেল মজুত করায় ব্যবসায়ীর কারাদণ্ড

ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে সয়াবিন তেল মজুতের অপরাধে এক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলার নতুন বান্দুরা বাজারে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল এ আদেশ দেন।

জানা যায়, নতুন বান্দুরা বাজারের মেসার্স লক্ষ্মী ভান্ডারে অভিযান চালিয়ে পাঁচ লিটারের ১৮৪টি বোতল (৯২০ লিটার) সয়াবিন তেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় দোকানদার রঞ্জিত কুমার সরকার তেল মজুতের উপযুক্ত কারণ, ক্রয় রশিদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। অবৈধভাবে তেল সংরক্ষণ করে বাজার অস্থিতিশীল করায়, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার অপরাধে রঞ্জিত কুমার সরকারকে সাত দিনের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া জব্দকৃত তেল পাঁচ লিটার ৭৪০ টাকা হিসেবে বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা-পুলিশ। এ সময় বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংরক্ষণ করে বাজার অস্থিতিশীল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।