শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুরে শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির কাজি (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দরানি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মনির কাজি ওই এলাকার আলমগীর কাজির ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়েন।

এলাকা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে মনির তার বাড়ির সামনে একটি ব্যাটারিচালিত অটো ভ্যানের উপর বসে ছিলেন। ভ্যানটি বৈদ্যুতিক চার্জরত ছিল। এ সময় না জেনে বৈদ্যুতিক তারে হাত দেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান মনির।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দুপুরে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।