ছেলের জন্মদিনের অনুষ্ঠানে বাবা দাওয়াত দিয়েছিলেন বন্ধুদের। সেই উপলক্ষে ছেলের জন্য কেক আর বন্ধুদের জন্য ফেনসিডিল নিয়ে বাড়ি ফিরে পুলিশের হাতে ধরা পড়েন বাবা জিতু ইসলাম। সঙ্গে গ্রেপ্তার হন বন্ধু আশরাফুজ্জামান।
মঙ্গলবার রাতে তাদের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকা থেকে হাতীবান্ধা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।
হাতীবান্ধা থানার এসআই মাসুদুজ্জামান বুধবার বিকেলে দেশ রূপান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকায় জিতু ইসলামের (৩১) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১২ বোতল ফেনসিডিলসহ তাকে ও তার বন্ধু আশরাফুজ্জামানকে (২৮) গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, জিতু ইসলামের ছেলের জন্মদিন ছিল মঙ্গলবার। জন্মদিনের অনুষ্ঠানে জিতু ইসলামের কয়েকজন বন্ধুর আবদার ছিল ফেনসিডিল খাওয়ার। জন্মদিন পালনে কেকের সঙ্গে ১২ বোতল ফেনসিডিল কিনে বাড়ি আসনে।
পুলিশ জানায়, জিতু ইসলাম তার বন্ধু আশরাফুজ্জামানকে নিয়ে বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করে। এমন সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ।
তবে এলাকার একাধিক মানুষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, জিতু ইসলাম এলাকায় মাদক কারবারে জড়িত।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, ওই দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।