জুভদের হারিয়ে ১১ বছর পর কোপা ইতালিয়া জিতল ইন্টার

পিছিয়ে পড়েও জুভেন্টাসের বিপক্ষে দুর্দান্ত জয়ে ২০১১ সালের পর প্রথম কোপা ইতালিয়া জিতল ইন্টার মিলান। স্তাদিও অলিম্পিকোতে ফাইনালে ৪-২ গোলে জিতেছে নেরাজ্জুরিরা।

হাকান কালহানোগলোর ৮০তম মিনিটের গোলে সমতায় ফিরে ইন্টার। ২-২ গোলে সমতায় থাকা ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। ইন্টারের জয়ের নায়ক ইভান পেরিসিচ। অতিরিক্ত সময়ে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।

৯৯তম মিনিটে পেনাল্টি থেকে জাল খুঁজে নেওয়ার পর দিমার্কোর পাসে ১০২তম মিনিটে ইন্টারের চতুর্থ গোলটি করেন পেরিসিচ। মূলত তার দুই গোলেই ম্যাচ থেকে ছিটকে যায় জুভেন্টাস।

নিকোলা বেরেল্লার দুর্দান্ত শটে ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে গিয়েছিল ইন্টার। তবে জুভরা দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে ‍দুই গোল দিয়ে বসে। ৫০তম মিনিটে আলেক্স সান্দ্রোর গোলে সমতায় ফেরে গত আসরের কোপা ইতালিয়া চ্যাম্পিয়নরা। ৫২তম মিনিটে দলের ব্যবধান বাড়ান ডুসান ভ্লাহোভিচ। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে সমতায় ফেরে ইন্টার।

সর্বোচ্চ ১৪ বার কোপা ইতালিয়া জয়ী জুভদের চলতি মৌসুম কাটল শিরোপা ছাড়া। শেষবার তুরিনের বুড়ি শিরোপাহীন মৌসুমে কাটিয়েছিল ২০১০-১১’তে।

অন্যদিকে ১১ বছর পর কোপা ইতালিয়ার ফাইনালে উঠেই শিরোপা জিতল ইন্টার। চলতি মৌসুমের সিরি’আ জয়েরও আশাও বাঁচিয়ে রেখেছে নেরাজ্জুরিরা। লিগে তাদের বাকি আরও দুই ম্যাচ। তবে শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে সিমোনে ইনঝাঘির দল।