দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট হবে ১৫ মে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
চট্টগ্রাম টেস্টের সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। আর সর্বোচ্চ ৫০০ টাকা। ম্যাচের টিকিট পাওয়া যাবে ১৪ মে থেকে।
বৃহস্পতিবার (১২ মে) টাইটেল স্পন্সর ঘোষণার অনুষ্ঠানে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানান, চট্টগ্রাম টেস্টের টিকিটের মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এছাড়া রুফটপ ৫০০, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ ও ওয়েস্টার্ন স্ট্যান্ডে লাগবে ৫০ টাকা।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই টেস্টের টিকিটের মূল্য ধার্য করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য ৫০০ টাকা। ভিআইপি ৩০০, শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০, নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০, ইস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা।
গত কয়েক বছর ধরে বাংলাদেশ ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে না। এবারও একই অবস্থা। সত্ত্ব পাওয়া প্রতিষ্ঠানের সঙ্গে ২০১৯ সালে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর করোনার কারণে আর চুক্তি করেনি বিসিবি। তবে শিগগিরই ফের অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়ে বিসিবি।