বসুন্ধরা কিংসে যোগ দিয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা বাংলাদেশে এসেছেন বেশিদিন হয়নি। ইতোমধ্যে নিজের জাত চিনিয়েছেন তিনি।
অভিষেকেই জোড়া গোল পেয়েছিলেন মিগুয়েল। এর পরের দুই ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট। এবার নিজের চতুর্থ ম্যাচে এসে ফের করলেন জোড়া গোল। ২২ বছর বয়সী মিডফিল্ডারের নৈপুণ্যে বাংলাদেশ পুলিশকে ২-১ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস।
বৃহস্পতিবার রাজশাহী জেলা স্টেডিয়ামে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় অস্কার ব্রুজনের দল। ১২ ও ৩০তম মিনিটে গোল দুটি করেন মিগুয়েল। দুই গোলেই অ্যাসিস্ট করেন তার স্বদেশি রবিনহো।
বিরতির পর আর গোলের দেখা পায়নি কিংস। তবে ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেয় পুলিশ। স্পট-কিকে জাল খুঁজে নেন দানিলো অগাস্ত। বাকি সময় রক্ষণ সামাল দিয়ে জয় তুলে নেয় ব্রুজনের দল।
দিনের আরেক ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে মুসা নাজারের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতেছে জোসেফ আফুসির দল।
মুন্সিগঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে শেখ জামালকে এগিয়ে দেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে আফুসির দল।
এই জয়ে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের তালিকার তিনে আছে শেখ জামাল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ১৯ পয়েন্ট নিয়ে সাতে পুলিশ। ১০ পয়েন্ট নিয়ে দশে রতমতগঞ্জ।