ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে নিয়োগ পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক দুই ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ।
২ জুন, লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ইংল্যান্ডের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন ম্যাককালাম। বৃহস্পতিবার ৪০ বছর বয়সী সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটারকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি।
তিনি বলেন, ‘ব্রেন্ডনকে আমরা প্রধান কোচ হিসেবে নিশ্চিত করতে পেরে আনন্দিত। খেলার প্রতি তার দৃষ্টিভঙ্গি বুঝতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। আমি বিশ্বাস করি, তার নিয়োগ ইংল্যান্ডের টেস্ট দলের জন্য ভালো হবে।’
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্বে ছিলেন ম্যাককালাম। আসরের মাঝপথে রব কি তার সঙ্গে আলোচনা চালিয়ে যান।
আগেরদিন শোনা গিয়েছিল, ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। তার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। সেই গুঞ্জনই সত্যি হলো।
অস্ট্রেলিয়ায় অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে সিরিজ হারের পর নড়েচড়ে বসেছে ইংল্যান্ড। সাদা পোশাকের ক্রিকেটে নিজেদের ঢেলে সাজাতে চায় ইংলিশরা। তার জন্য ইতোমধ্যে নেতৃত্বে পরিবর্তন এনেছে ইসিবি। জো রুটের স্থলাভিষিক্ত করা হয়েছে বেন স্টোকসকে। এবার টেস্টের জন্য কোচও নিয়োগ দিল বোর্ড। লাল ও সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা আলাদা কোচ নিয়োগ দিচ্ছে ইংল্যান্ড।
গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। তার বিকল্প হিসেবে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য আলাদা আলাদা কোচ নিয়োগ দেওয়ার বিজ্ঞাপন দেয় ইসিবি।
সাদা বলের ক্রিকেটে কোচ হিসেবে সফলতা পেয়েছেন ম্যাককালাম। এদিকে, ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগানেরও খুব কাছের বন্ধু তিনি।
কিউইদের হয়ে ১০১টি টেস্ট খেলেছেন ম্যাককালাম। তার নেতৃত্বে ব্ল্যাক ক্যাপদের উন্নতি শুরু। যার ফলস্বরূপ, গত বছর নিউজিল্যান্ডকে দেখা গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে।