বাসাইলে এমপির বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ প্রতিবাদ ছাত্রলীগের

টাঙ্গাইলের বাসাইলে সংসদ সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার বিকেলে বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা যায়, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরর বিরুদ্ধে মিথ্যাচার করে গত বুধবার সংবাদ সম্মেলন করেন সদর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সংগ্রাম।

এরপর থেকেই বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগ সদর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সংগ্রামের বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বাসাইল উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রুবেল তালুকদার, যুগ্ম-আহ্বায়ক হৃদয় খান, কাশীল ইউ.পি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলু সিকদার, কাউলজানী ইউপি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রুবেল তালুকদার বলেন, বাসাইল সদর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সংগ্রাম গত কিছুদিন পূর্বেও বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী ছিলেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। এলাকায় বিভিন্ন লোকের কাছ থেকে তিনি চাকরি দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করা হয়।