১৯৪৭ সালের ১৩ মে মৃত্যুবরণ করেন প্রগতিশীল চেতনার কবি সুকান্ত ভট্টাচার্য। তার জন্ম ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায়। তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালীপাড়ায়। তার বাবা নিবারণচন্দ্র ভট্টাচার্য কলকাতায় পুস্তক ব্যবসা করতেন। কলকাতার কমলা বিদ্যামন্দিরে তার বাল্যশিক্ষা শুরু হয়। পরে তিনি বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে ভর্তি হন এবং ১৯৪৫ সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। এ সময় ছাত্র আন্দোলন ও বামপন্থি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। ১৯৪৪ সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। এ বছর ‘আকাল’ নামক একটি সংকলন গ্রন্থ তার সম্পাদনায় প্রকাশিত হয়। ১৯৪৫ সালে তিনি কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কিশোরসভা বিভাগ সম্পাদনা করতেন। তার রচনাবলির মধ্যে ‘ছাড়পত্র’, ‘পূর্বাভাস’, ‘মিঠেকড়া’, ‘অভিযান’, ‘ঘুম নেই’, ‘হরতাল’, ‘গীতিগুচ্ছ’ প্রভৃতি উল্লেখযোগ্য। তার সাহিত্য সাধনার মূলক্ষেত্র ছিল কবিতা। সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভ তার কবিতার প্রধান বিষয়বস্তু। তার রচনাকর্মে গণমানুষের আশা-আকাক্সক্ষার বাণীসহ শোষণহীন এক নতুন সমাজ গড়ার অঙ্গীকার উচ্চারিত হয়েছে। তার কবিতার ছন্দ, ভাষা, রচনাশৈলী এত স্বচ্ছন্দ, বলিষ্ঠ ও নিখুঁত যে বয়সের বিবেচনায় তার এরূপ রচনা বিস্ময়কর ও অসাধারণ।