কাঁচা চা পাতার ন্যায্যমূল্য দাবি চাষিদের

কাঁচা চা পাতার ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন পঞ্চগড় সদর উপজেলার চা চাষিরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও সমাবেশ হয়। এর আগে গত বুধবার একই দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কের চৌরাস্তায় মানববন্ধন ও সমাবেশ করেন তেঁতুলিয়া উপজেলার চা চাষিরা।

সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর কাঁচা চা পাতা উত্তোলনের ভরা মৌসুমে পঞ্চগড়ের চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো সিন্ডিকেট করে কাঁচা চা পাতার দাম কমিয়ে দেন এবং নানা অজুহাত দেখিয়ে ওজন থেকে শতকরা ২০ থেকে ২২ ভাগ কর্তন করেন। প্রতি কেজি কাঁচা চা পাতার উৎপাদন খরচ হয় ১৫ থেকে ১৬ টাকা। সরকারিভাবে প্রতি কেজি কাঁচা চা পাতা ক্রয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ টাকা। কিন্তু বর্তমানে কারখানা মালিকরা প্রতি কেজি কাঁচা চা পাতা ক্রয় করছেন মাত্র ১২ থেকে ১৩ টাকায়। তারা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।