কুলাউড়ায় বসতঘরের সিঁধ কেটে চুরি করে নিয়ে যাওয়া তিন বছর বয়সী শিশুটিকে জুড়ী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে জুড়ীর কাপনাপাহাড় চা বাগান এলাকা থেকে মাহিন নামে ওই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এর আগে গত মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে মায়ের সঙ্গে ঘুমন্ত মাহিনকে বসতঘরের সিঁধ কেটে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অভিযান চালিয়ে ঘটনার ২০ ঘণ্টার মধ্যে জুড়ী থানার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা বাগান এলাকা থেকে মাহিনকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, এ ঘটনায় ওইদিনই শিশু মাহিনের চাচা মামলা করলে অভিযানে নামে পুলিশ। শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।