নিমতলী ট্র্যাজেডি কিংবা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিদুর্ঘটনার মতো ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে চোখ-কান খোলা রাখছে সরকার। খুব দ্রুত পদক্ষেপ নিয়ে শিল্প-নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। শ্রমিকের নিরাপত্তা ও পরিবেশবান্ধব শিল্পাঞ্চল হলেই শিল্প স্থাপনের অনুমতি দেবে সরকার।
গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তিনি বলেন, এর আগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষিনির্ভর। কিন্তু তা ধীরে ধীরে শিল্পনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। শিল্প খাতের মধ্যে দেশের চামড়া খাত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এ খাতটি সম্ভাবনাময়।
বড় শিল্পগুলোতে শ্রমিকের নিরাপত্তার বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, শুধুমাত্র শ্রমিকের নিরাপত্তার জন্য সরকার জোরালো পদক্ষেপ নিচ্ছে। অনেকগুলো আইনের সংস্কার করছে। চাকরিদাতা, কর্মজীবীসহ সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। এখন পরিকল্পনা ছাড়া নতুন কোনো শিল্পের অনুমোদন দেওয়া হয় না।