আখাউড়ায় আটক এনসিপি নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি মো. ছায়েব আলীকে আটক করেছে আখাউড়া থানা-পুলিশ। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে থানায় উত্তেজনা ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

আটক ছায়েব আলী মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আখাউড়া থানায় দায়ের করা ১৫ নম্বর মামলার ৮১ নম্বর এজাহারভুক্ত আসামি ছায়েব আলী।

এদিকে ছায়েব আলীকে আটকের খবর ছড়িয়ে পড়লে এনসিপির শতাধিক নেতাকর্মী থানার

প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, এর আগে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা আখাউড়া থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে অন্তত একজন পুলিশ সদস্য আহত হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত