রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শনির আখড়ায় প্রাইভেট কারের ধাক্কায় আনোয়ারুল আলম অভি (৩০) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শনির আখড়া পেট্রোল পাম্পের পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃতের বন্ধু মোঃ রাশিদুর রহমান পাপ্পু জানায়, অভির গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায়। বর্তমানে শনির আখড়া পলাশপুরে পরিবার নিয়ে থাকতো। বাবার নাম আবুল কালাম আজাদ। অভি একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।
পাপ্পু আরো জানায়, অভির অফিস থেকে রাতে কক্সবাজার যাওয়ার কথা। বাসা থেকে বের হয়ে শনির আখড়া পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ একটি প্রাইভেটকার ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় অভি। পরে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।