লিভারপুলের কোচ ইউর্গেন ক্লপ জানিয়েছেন, এফএ কাপের ফাইনালে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহোকে পাচ্ছে না তারা। কোয়াড্রপল জয়ের আশায় থাকা অলরেডরা শনিবার ফাইনালে মুখোমুখি হবে চেলসির।
গত মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে হ্যামস্ট্রিং চোটে পড়েন ফাবিনহো। এছাড়া চলতি প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দুই ম্যাচেও ২৮ বছর বয়সী তারকাকে পাবে না লিভারপুল।
তবে ক্লপ আশা করছেন, ২৮ মে প্যারিসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দলে ফিরবেন ফাবিনহো। তার অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি।
অ্যানফিল্ডের কোচ বলেন, ‘আমরা আশা করতে পারি। আমাদের আশা করতে হবে। তার থাকা না থাকা ভিন্নতা রাখতে পারে। তবে সবকিছু ঠিক আছে।’ ক্লপ আরও বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে তার ফেরার ভালো সুযোগ আছে।’
লিগের চলতি মৌসুমে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে ক্লপের দল। গোল ব্যবধানেও পিছিয়ে অলরেডরা। দু’দলের বাকি আছে আর মাত্র দুই ম্যাচ। শিরোপা জিততে এখন সিটির হার কামনা ছাড়া আর গতি নেই লিভারপুলের।