নওগাঁর পোরশা উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দুয়ারপাল এলাকায় পুনর্ভবা নদীর পাশে ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পশ্চিম রঘুনাপুর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নূর মোহাম্মদ শেখ (৬৫) ও উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সায়েম উদ্দিন (৪২)।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানায়, শুক্রবার সকাল থেকে পুনর্ভবা নদীর পূর্ব পাশের মাঠের একটি ধানক্ষেতে নূর মোহাম্মদ শেখসহ কয়েক শ্রমিক ধান কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে আটটার দিকে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় নূর মোহাম্মদ শেখ ও সায়েম বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সায়েমের বাবা নুরুল ইসলাম আহত হন।