সেনেসিকে নিয়ে টানাটানি স্কালোনি-মানচিনির

কোপাজয়ী আর্জেন্টিনা ও ইউরোজয়ী ইতালি— এবার এই দুই দেশ নিয়ে ১ জুন, ওয়েম্বলিতে হতে যাচ্ছে মহাদেশীয় লড়াই। যে ম্যাচটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘লা ফিনালিসিমা’।

ইতালির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলে নতুন-পুরাতন মুখ মিলিয়ে রয়েছে চমক।

প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন ডাচ ক্লাব ফেইনুর্দের ডিফেন্ডার মার্কোস সেনেসি। ২৫ বছর বয়সী এই তারকাকে দলে চেয়েছিলেন ইতালির কোচ রবার্তো মানচিনিও। জন্ম আর্জেন্টিনায় হলেও ইতালির পাসপোর্ট রয়েছে সেনেসির। তবে আর্জেন্টিনা যুব দলের হয়ে খেলেছেন তিনি।

দুই দলের টানাটানিতে অবশ্য স্কালোনি এগিয়ে থাকলেন। সেনেসিকে প্রাথমিক স্কোয়াডে যোগ করলেন আর্জেন্টাইন কোচ। এদিকে চোটাক্রান্ত ক্রিস্টিয়ান রোমেরোকেও দলে রেখেছেন তিনি। তবে টটেনহামের এই তারকার চলতি মৌসুম শেষ।

সদ্য কুঁচকির চোট থেকে সেরে ওঠা লিয়ান্দ্রো পারেদেসও আছেন স্কালোনির স্কোয়াডে। গত শুক্রবার একাই অনুশীলন সেরেছেন পিএসজি মিডফিল্ডার। দলে ডাক পেয়েছেন প্রিমিয়ার লিগের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এমিলিয়ানো বুয়েন্দিয়া। দুই তারকায় আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ছিলেন।

এক বছর পর দলে ফিরেছেন লুকাস আলারিও। তবে চোটের কারণে আর্জেন্টিনার শেষ ম্যাচ মিস করা আলেহান্দ্রো পাপু গোমেজও আছেন প্রাথমিক দলে।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আতালান্তা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)।

রক্ষণভাগ: গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লুকাস মার্তিনেজ কুয়ার্তা (ফিওরেন্তিনা), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), মার্কোস সেনেসি (ফেইনুর্দ), জার্মান পেজেল্লা (রিয়াল বেতিস), লিসান্দ্রো মার্তিনেজ (আয়াক্স), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নেহুয়েন পেরেজ (উদিনেস), মার্কোস আকুনা (সেভিয়া)।

মাঝমাঠ: গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), নিকোলাস ডমিঙ্গোয়েজ (বোলোনা), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো দি পল (অ্যাতলেটিকো মাদ্রিদ), এজেকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা)।

আক্রমণভাগ: লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), লুকাস ওকাম্পস (সেভিয়া), আনহেল দি মারিয়া (পিএসজি), আনহেল কোরেয়া (অ্যাতলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (রিভার প্লেট), লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন), লওতারো মার্তিনেজ (ইন্টার মিলান)।