ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে ঢাকাগামী ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পরে রশিদা বেগম (৬০) নামে বৃদ্ধার মৃত্যু হয়। শনিবার স্টেশনের প্লাটফর্মেই এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অনুপ বসাক জানান, ওই বৃদ্ধা তার ছেলে রবিউল ইসলামকে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে দিতে রোড রেল স্টেশনে আসেন। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ছেলেকে উঠিয়ে দিতে তিনিও ট্রেনের উপরে উঠে যান। ট্রেনটি নির্ধারিত সময় শেষে ছেড়ে দিলে তাড়াহুড়া করে নামতে গিয়ে ওই বৃদ্ধা ট্রেনের লাইনে কাটা পরেন। ট্রেনটি চলে গেলে স্থানীয়রা ভিড় জমান। নিহত রশিদা বেগম সদর উপজেলার আকচা বকসের হাট এলাকার ইউসুব আলীর স্ত্রী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও প্রয়োজনীয় নিয়ম ও আইন-কানুনের প্রেক্ষিতে যাবতীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে বলে জানান ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার।