ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহা সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। গতকাল শনিবার বিকেল থেকে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এটায়ার লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের সময় এক্সিকিউটিভ এটায়ার লিমিটেডের শ্রমিকদের বোনাসসহ এপ্রিল মাসের অর্ধেক বেতন দেয়। ঈদের পর চলতি মাসের১০ তারিখ বকেয়া বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু মিল কর্র্তৃপক্ষ শনিবার পর্যন্ত সেই টাকা না দেওয়ায় বিকেল থেকে শ্রমিকরা মিল গেটের সামনে আন্দোলন শুরু করেন। কর্র্তৃপক্ষ তাদের আন্দোলনে সাড়া না দেওয়ায় শ্রমিকরা বিকেল পৌনে ৫টা থেকে ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থান নেন। শ্রমিকরা অবস্থান নেওয়ায় মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ৫-এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক এবং কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কর্র্তৃপক্ষ আগামী সোমবার বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে বিকেল পৌনে ৬টায় শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
কোম্পানির চেয়ারম্যান এ জেড খান জানান, ঈদের আগে অর্ধেক বেতনসহ ঈদ বোনাস শ্রমিকদের পরিশোধ করে দিয়েছি। চলতি মাসের বাকি টাকা দেওয়ার কথা। চলতি মাসে বাকি অর্ধেক মাসের বেতনের বকেয়া টাকা পরিশোধ করে দেব বলে প্রতিশ্রুতি দিলেও শ্রমিকরা না মেনে মহাসড়ক অবরোধ করে রাখে।
শিল্প পুলিশ জোন-৫-এর এসপি জাহাঙ্গীর আলম জানান, অর্ধেক মাসের বকেয়া বেতনের জন্য মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। আগামী সোমবার কর্র্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।