বাড্ডায় গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী আটক

রাজধানীর দক্ষিণ বাড্ডা দারোগাবাড়ি এলাকায় একটি বাসা থেকে ফারজানা আক্তার (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্বামী শাকিল আহমেদের।

গতকাল শনিবার বিকেল ৩টার দিকে দারোগাবাড়ি মোড় তিতাস রোডের নুর মিয়ার ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ফারজানার স্বামী মো. শাকিল আহমেদকে আটক করেছে পুলিশ। বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে বলেন, ফারজানার স্বামীকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার বিষয়ে ফারজানার পরিবারের সঙ্গে আমরা কথা বলছি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া ফারজানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাকিলকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।