লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টাক্ষেত থেকে ফারজানা আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা-পুলিশ।

ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

রবিবার সকালে উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামের একটি ভুট্টাক্ষেতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিক্ষার্থী ফারজানা আক্তার ককোয়াবাড়ি এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় মুন্সিরহাট মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

পাটগ্রাম থানা-পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ভুট্টাক্ষেতে কাজে গিয়ে ফারজানা আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ এখন পর্যন্ত জানাতে না পারলেও স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করে পালিয়েছে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য মোতাবেক মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।