নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিনিবাস দিয়ে পিকআপ ভ্যানের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় পাঁচ লাখ টাকার সুতা লুটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শনিবার রাতে আড়াইহাজার থানায় মামলা হয়েছে। এর আগে গত ১০ মে ঢাকা-সিলেট মহাসড়কের একই এলাকায়ও সুতা লুটের অনুরূপ ঘটনা ঘটে।
মামলার অভিযোগে জানা গেছে, মাধবদী এলাকা থেকে সুতা নিয়ে রূপগঞ্জের তারাবো পৌরসভার খালপাড় বরাবো এলাকার ‘মেসার্স সুমাইয়া টেক্সটাইল’ নামে একটি প্রতিষ্ঠানে সুতা ভর্তি পিকআপ ভ্যানটি যাচ্ছিল। রাত ১০ টার দিকে স্থানীয় বান্টি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত মিনিবাস দিয়ে পিকআপ ভ্যানের গতিরোধ করে চালক ও ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
একপর্যায়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে মিনিবাসে করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। পরে তারা নরসিংদীর পলাশ উপজেলার বাটপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ঢালে তাদের ফেলে সুতা ভর্তি পিকআপ ভ্যানটি নিয়ে চলে যায়। এ সময় ম্যানেজারের কাছ থেকে ৭ হাজার টাকাও লুট করা হয়। পরে তারা নির্মাণাধীন ভবনের নৈশপ্রহরীর সহযোগিতায় সুমাইয়া টেক্সটাইল মিল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
প্রতিষ্ঠানের মালিক নুর আলম মোবাইল ফোনে বলেন, রাস্তায় রাতে চলাচলে কোন নিরাপত্তা নেই, আমরা কিভাবে ব্যবসা-বাণিজ্য করব! ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি এলাকাসহ বিভিন্ন স্থানে প্রায় সময় গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা মালামাল লুটে নেয়। পুলিশ কিছুই করতে পারে না।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সুতাগুলো উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।