সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদন্ড ও চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তাদের এসব দন্ড দেওয়া হয়।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া এলাকায় শনিবার রাতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও বাল্কহেড জব্দ করা হয়। এসময় মোফাজ্জল হোসেন (৪৫) নামে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। মোফাজ্জল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ধুনুকসাথী গ্রামের মৃত কেরামত আলী ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শমছুইয়াঘোনা এলাকায় পাহাড় কাটার সময় গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি খননযন্ত্র ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এসময় নুরুল আবছার নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নুরুল আবছার পুঁইছড়ি এলাকার মৃত রশিদ আহম্মেদের ছেলে।