টেকনাফে প্রতিপক্ষের হামলায় ইয়াবা কারবারি ভুট্টো নিহত

কক্সবাজারের টেকনাফে নুরুল হক ভুট্টো নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে। ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি বলে জানা গেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

নিহত ভুট্টোর ছোট ভাই নুরুল আবছার খোকন জানান, ‘আমার ভাই নুরুল হক ভুট্টোকে এলোপাতাড়ি কুপিয়েছে মৌলভীপাড়ার সন্ত্রাসী একরাম ও আবদুর রহমানসহ তাদের বাহিনী। তারা লবণের মাঠ থেকে ধরে নিয়ে দা, কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। এসময় এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’

স্থানীয়রা জানায়, হামলাকারী মৌলভীপাড়ার একরামও একজন ইয়াবাকারবারি। 

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, মাদকের লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়।

তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, হামলাকারী একরাম আত্মস্বীকৃত ইয়াবা কারবারি এবং নিহত ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবাকারবারি। তাদের দুজনের বিরুদ্ধেই টেকনাফ থানায় মাদক কারবারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।