সাভারে একটি তৈরি পোশাক কারখানায় মেশিন সরাতে গিয়ে এর নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে সাভারের শোভাপুর এলাকায় কাজী আবেদীন টেক্স লিমিটেড নামক তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। গতকাল রবিবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কুরবান আলী।
নিহত ওই শ্রমিকের নাম তারা মিয়া (৪০)। তিনি সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লার মো. সিরাজ মিয়ার ছেলে। তারা মিয়া কাজী আবেদীন টেক্স লিমিটেড কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে কারখানার ভেতরে মেশিন সারানোর কাজ চলছিল। এ সময় তারা মিয়া সেই কাজে সহযোগিতা করছিলেন। হঠাৎ একটি মেশিন তার ওপর পড়লে গুরুতর আহত হন। কারখানার অন্য শ্রমিকরা তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে কারখানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। এছাড়া কর্মকর্তাদের নাম্বারে ফোন দিয়ে শ্রমিক মৃত্যুর বিষয় জানতে চাইলে কিংবা সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই রং নাম্বার বলে ফোন কেটে দেওয়া হয়।