দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলে রমেশ মেন্ডিসকে (১) বোল্ড করেন সাকিব আল হাসান। পরের বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লাসিথ এম্বুলদেনিয়াকে (০)।
তবে হ্যাটট্রিকের আশা জাগালেও তা পূর্ণ করতে পারেননি দেশসেরা অলরাউন্ডার। এরপর বাকি সময় প্রতিরোধ গড়লেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও বিশ্ব ফার্নান্দো। দুজনে ১৪১ বলে করেছেন ৪৭ রানের জুটি।
চা বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ৩৭৫ রান। ৩৫৩ বলে ১৭৮ রানে অপরাজিত আছেন ম্যাথিউস। ৭৭ বলে ১৭ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন ফার্নান্দো।
তার আগে প্রথম সেশনে সফরকারীদের দুই উইকেট নেন নাঈম হাসান। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন লঙ্কানদের দুই ওপেনারকে ফিরিয়ে প্রথম সেশনে বাংলাদেশের মনে স্বস্তি ফিরিয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনেও জৈষ্ঠ্যের এই গরমে টাইগারদের মনে প্রশান্তির হাওয়া বইয়ে দেন এই স্পিনার। তার কল্যাণে মধ্যাহ্নভোজে যাওয়ার আগে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট।
মাথা ব্যাথার কারণ হয়ে ওঠা ম্যাথিউস ও দিনেশ চান্দিমালের ১৩৬ রানের জুটি ভাঙেন নাঈম। দিনের শুরু থেকে মাটি কামড়ানো ব্যাটিংয়ে টাইগার বোলারদের কোনো সুযোগই দিচ্ছিলেন না এই দুই অভিজ্ঞ ব্যাটার।
শেষ পর্যন্ত নাঈমের এলবিডব্লিউর ফাঁদে পড়েন চান্দিমাল। তার ১৪৮ বলে ৬৬ রানের ইনিংসটি সাজানো ছিল ২ চার ও ৩ ছয়ে। ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। চান্দিমাল ফেরার চার বল পরে লঙ্কান উইকেটরক্ষক নিরোশান দিকভেলাকে (৩) বোল্ড করেন নাঈম।
সফরকারীরা প্রথম দিনে করেছিল ৪ উইকেটে ২৫৮ রান। আগেরদিন টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি উদযাপন করা ম্যাথিউস ব্যাটিংয়ে নামেন ১১৪ রান নিয়ে।