জাকাও জানালেন, আর্সেনাল চ্যাম্পিয়নস লিগের যোগ্য নয়

এক সময় নিয়মিতভাবে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ টেবিলে থাকত আর্সেনাল। ২০০৬ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে গানাররা।

কিংবদন্তি ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গারের অধীনে আর্সেনাল হয়ে উঠেছিল অপরাজেয়। গানারদের ছাড়া চ্যাম্পিয়নস লিগ তো কল্পনায় করা যেত না। এমিরেটসে ওয়েঙ্গার যুগ শেষ হয়েছে ২০১৮ সালে।

এরপর যেন নিজেদের হারিয়ে খুঁজছে গানাররা। ওয়েঙ্গারের সাবেক শিষ্য মাইকেল আর্তেতা প্রধান কোচ হয়ে এমিরেটসে ফিরলেও আর্সেনাল ঘুরে দাঁড়াতে পারেনি। ইংলিশ জায়ান্টরা সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে খেলেছে ২০১৫-১৬ মৌসুমে।

এরপর থেকে ইউরোপা লিগের অন্যতম দল হয়ে দাঁড়িয়েছে আর্সেনাল। তবে চলতি মৌসুমে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগে ফেরার আশা জাগিয়েছিল গানাররা। কিন্তু শেষ দিকে এসে সেই স্বপ্নও ভাঙতে বসেছে আর্তেতার শিষ্যদের।

টানা দুই ম্যাচে হেরে পাঁচে নেমে গেছে আর্সেনাল। টটেনহামের পর এবার নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে ২-০ গোলে হেরেছে গানাররা। অন্যদিকে টানা দুই জয়ে ঘুরে দাঁড়ানো স্পার্সরা উঠে এসেছে চারে। নিউক্যাসলকে হারাতে পারলে চতুর্থ স্থান পুনরুদ্ধার করতে পারতো আর্তেতার দল।

মৌসুমের শেষ মুহূর্তে এসে এমন হারে হতাশ আর্সেনালের দীর্ঘদিনের মিডফিল্ডার গ্রানিত জাকা। তিনিও মনে করেন, আর্সেনাল চ্যাম্পিয়নস লিগের যোগ্য নয়। ২৯ বছর বয়সী সুইস তারকা বলেন, ‘তারা প্রথম মিনিট থেকে ৯৬ মিনিট পর্যন্ত দৌড়েছে আমাদের বিপক্ষে। যখন আপনি এমনভাবে খেলেন, আপনি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্য নয়।’

চ্যাম্পিয়ন লিগ আগেই নিশ্চিত হয়ে গেছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসির। তবে চারে থাকা নিয়ে লড়াই চলছে টটেনহাম ও আর্সেনালের। আর প্রিমিয়ার লিগ শিরোপা নিয়ে চলছে সিটি ও লিভারপুলের লড়াই।

আগামী সপ্তাহে মীমাংসা হতে পারে আর্সেনাল-টটেনহামের ভাগ্য। নিজেদের শেষ ম্যাচে আন্তনিও কন্তের দল খেলবে একেবারে তলানির দল নরউইচ সিটির বিপক্ষে অন্যদিকে গানাররা ঘরের মাঠে আতিথেয়তা দেবে এভারটনকে। ৬৮ পয়েন্ট নিয়ে চারে আছে স্পার্সরা। দুই পয়েন্ট নিয়ে পাঁচে আর্সেনাল।